মাদারীপুর প্রতিনিধি | ১৮ মে ২০২৬ মাদারীপুর জেলা শহরের আমিরাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে ৮ মাসের এক দুগ্ধপোষ্য শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে ঘরের দরজা ভেঙে লাশগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় বাড়ির একমাত্র সদস্য ও প্রত্যক্ষদর্শীকে প্রাথমিক সন্দেহের তালিকায় রেখে ঘটনার প্রকৃত রহস্য
মাদারীপুর প্রতিনিধি | ১৮ মে ২০২৬
মাদারীপুর জেলা শহরের আমিরাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে ৮ মাসের এক দুগ্ধপোষ্য শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে ঘরের দরজা ভেঙে লাশগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় বাড়ির একমাত্র সদস্য ও প্রত্যক্ষদর্শীকে প্রাথমিক সন্দেহের তালিকায় রেখে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস, তাঁর স্ত্রী ইশা দাস এবং তাঁদের ৮ মাস বয়সী শিশু সন্তান।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসাটি গত ৩ বছর ধরে ভাড়া নিয়ে একা থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ-এর স্ত্রী মিষ্টি বাড়ৈ। গতকাল রোববার বিকেলে চিন্ময় দাস তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মিষ্টি বাড়ৈ-এর বাসায় আসেন এবং মিষ্টির কাছে নিজের ‘চাচাতো ভাই’ বলে পরিচয় দেন। এরপর মধ্যরাতে মিষ্টি বাড়ৈ-এর ফোন পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে ওই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ঘটনার সময় পাশের রুমে মিষ্টি বাড়ৈ সম্পূর্ণ একা ছিলেন। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনা করে এবং দাফন বা শেষকৃত্যের আগে প্রকৃত রহস্য উদ্ঘাটনের স্বার্থে বাড়ির একমাত্র জীবিত সদস্য মিষ্টি বাড়ৈকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
আজ সোমবার সকালে পুলিশ মরদেহগুলো সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই রহস্যজনক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো আমিরাবাদ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, বিকেলেই যে পরিবারটি হাসিমুখে বেড়াতে এল, মধ্যরাতে তাদের এমন করুণ পরিণতি কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *